প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৬, ২১:২৪
দাপুটে এক জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোয়ায় এবারের আসরের উদ্বোধনী ম্যাচে হংকংকে রীতিমত উড়িয়ে দিয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। হংকংয়ের দেয়া ২২০ রানের লক্ষ্য ৫৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে গেছে টাইগাররা। এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে হংকং।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন, ফেরান ওপেনার জিসান আলীকে (১০)। তিনে ব্যাট করতে নামা বাবর হায়াতকে (১০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তরুণ পেসার ইকবাল হোসেন ইমন।
এরপর বল হাতে নিয়েই রিয়ানশ শর্মাকে (৪) সাজঘরে ফেরান অধিনায়ক সাইফ নিজেই। দলীয় ৫২ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন আংশুমান রাথ ও ইজাজ খান, গড়েন ১২৭ রানের জুটি। তবে ওপেনার রাথ ব্যক্তিগত ৭৬ রানে বাঁহাতি স্পিনার রাকিবুলের শিকার হলে ফের চাপে পড়ে হংকং। একই ওভারে রানআউটে কাটা পড়েন আব্দুল সামাদও (১)।
এরপর ১৯২ রানে সপ্তম উইকেট হারায় হংকং। ১০৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে সাজঘরে ফেরেন সেট ব্যাটার ইজাজ খান। ফলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১৯ রানে থামে হংকং। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমনকে (১২) ফিরলেও শাহাদাত হোসেন দীপুকে নিয়ে চাপ সামাল দেন অধিনায়ক সাইফ হাসান। দুজনের ৮৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শাহাদাত ৪৩ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাইফ।
এরপর সাইফকে যোগ্য সঙ্গ দেন ইয়াসির আলী; তিনিও ফিফটি ছোঁয়ার পাশাপাশি শেষদিকে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে জয়ের পথ আরও সহজ করে তোলেন। শেষ পর্যন্ত সাইফ ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ এবং ইয়াসির ৫১ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৭১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: