[email protected] ঢাকা | রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬, ৯ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

বাটিং কোচের দায়িত্ব থেকে আশরাফুলকে সরালো বিসিবি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৬, ২৩:৩০

ক্রিকেটার আশরাফুল। ফাইল ছবি/সংগ্রহীত

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন–সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে রাতেই এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন দায়িত্ব কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো। তবে ঠিক কী কারণে ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটিং তীব্র সমালোচনার মুখে পড়ে। ধারণা করা হচ্ছে, সেটিরই দায় চোকাতে হলো আশরাফুলকে।

আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন সালাহউদ্দীন। তবে তাঁকে স্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিসিবি নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিদেশি কেউই দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর