[email protected] ঢাকা | রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬, ৯ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

গোলটি রোনালদোই করেছেন নাকি আত্মঘাতী ছিল, সেই বিতর্কের অবসান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৬, ২২:৫০

ছবি: সংগ্রহীত

পেশাদার ফুটবলে এক হাজার গোলের পথে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিটি গোলই তার জন্য এখন গুরুত্বপূর্ণ। কিন্তু ঝামেলা বেঁধেছে তার ৯৮২তম গোল নিয়ে। গতকাল আল ফয়সালির বিপক্ষে আল নাসর অধিনায়ক যে গোলটি করেন, তাতে তার কোনো সম্পর্ক কি আদৌ ছিল নাকি আত্মঘাতী গোল হয়েছিল? এনিয়ে বিতর্কের অবসান ঘটাল সৌদি আরবের শীর্ষ লিগ।

প্রো লিগে গতকাল (শুক্রবার) আল ফয়সালির বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তার দল আল নাসরও ৩-১ গোলে জিতেছে। ৪৯ মিনিটে রোনালদো স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিকে আসা বলে হেড দিয়ে গোল করেন। যা তার পেশাদার ক্যারিয়ারে ৯৮২ গোল হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু আসলেই গোলটি তার কি না জোরালো হয়ে উঠেছে সেই প্রশ্ন।

৪১ বছর বয়সী রোনালদো ফেলিক্সের ফ্রি-কিকের পর বলে মাথা ছোঁয়াতে বেশ উঁচুতে উঠে লাফিয়ে হেড দেন। কিন্তু বলটিতে তার মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে যে জালে ঢুকেছে সেটি ভিডিওতে নিশ্চিত। গোলের পর রোনালদো তার স্বভাবসুলভ ভঙ্গিতে দৌড়ে গিয়ে সি-ইউ উদযাপন করেছেন। তবে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা জোরালোভাবে বলছেন, গোলটি ভুল করে নিজের জালে জড়িয়েছেন আল ফয়সালি ডিফেন্ডার, তাতে পর্তুগিজ তারকার কোনো অবদানই নেই।

তবে সংবাদপত্র আরিয়াদিয়াহ-র প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের রিপোর্টের ভিত্তিতে এটিকে আত্মঘাতী গোল নয়, রোনালদোর গোল হিসেবে নথিভুক্ত করেছে।

সৌদি প্রো লিগের আভ্যন্তরীণ সূত্রে সংবাদপত্রটি ব্যাখ্যা দিয়েছে, গোলদাতা শনাক্ত করতে ম্যাচ কর্মকর্তারা রেফারির রিপোর্টের ওপর নির্ভর করেন, কোনো আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ওপর নয়।

রেফারির রিপোর্ট নিয়ে বিতর্ক থাকলে সম্ভাব্য পরিবর্তনের জন্য কমিটির কাছে পাঠানো হয় এবং তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানান। এক্ষেত্রে এমন কিছুই হয়নি। মানে রেফারি নিশ্চিতভাবে জানিয়েছেন, গোলটি রোনালদোই করেছেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর