প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৬, ২২:৫৯
চাঁপাইনবাবগঞ্জে জমজমাট আয়োজনে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ৯ম ম্যাচে নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা ২-২ গোলে ড্র করেছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঠে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করায় ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। নাচোল উপজেলা দলের হয়ে ৮ নম্বর জার্সিধারী হারুন অর রশীদ ও ১১ নম্বর জার্সিধারী আলামিন একটি করে গোল করেন।
অপরদিকে ভোলাহাট উপজেলা দলের ৬ নম্বর জার্সিধারী ফাহিদ ও ৯ নম্বর জার্সিধারী হাবিব একটি করে গোল করেন। নাচোল উপজেলার ১১ নম্বর জার্সিধারী আলামিন ম্যান অব দ্যা ম্যাচ হয়। ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর জেলায় বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
৯ম ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, রাকিবসহ সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
আয়োজকদের প্রত্যাশা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: