প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৬, ১৯:৩৬
আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এমনকি সন্ত্রাসীদের ভয়ে থানা ছেড়ে পুলিশের পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আয়োজনে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ লাঠিসোটা নিয়ে রাস্তাঘাট অবরোধ করছে, গাছপালা কেটে ফেলছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। বিরোধী দলের নেতাকর্মীদেরও রেহাই দিচ্ছে না। দুটি থানায় আগুন দেওয়া হয়েছে। থানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সেখানে কোনো পুলিশ সদস্যও নেই। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
তিনি বলেন, আওয়ামী লীগকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা নেত্রীর নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছেন। এটি মানবতাবিরোধী অপরাধ। গত ১৭ বছরে আপনারা অসংখ্য অপরাধ করেছেন। স্বাধীনতার পর তিন হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছেন। পিলখানায় সেনা সদস্যদের হত্যা করেছেন। শাপলা চত্বরে তৌহিদি জনতাকে হত্যা করেছেন। সাঈদীর রায়ের পর দেড় শতাধিক মানুষকে হত্যা করেছেন। বিভিন্ন সময়ে অন্যায়ভাবে ফাঁসি, ক্রসফায়ারসহ নানা ধরনের নির্যাতন চালিয়েছেন।
জামায়াতের এই নেতা বলেন, আজ শেষবেলায় নেত্রী নেই, অথচ নেতাদের নির্দেশে আপনারা যা দেখাচ্ছেন, তাতে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছে। রাজপথে ঢাল-সরকি নিয়ে দাঁড়িয়ে যে দৃশ্য দেখাচ্ছেন, এটি জঙ্গিবাদের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জামায়াতে ইসলামী, আলেম-ওলামাদের জঙ্গিবাদ বলেন। অথচ নিজেরাই এর চেয়ে ভয়াবহ কর্মকাণ্ড করছেন। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে, মানুষ হত্যা করে কখনও মানুষের সহানুভূতি পাওয়া যায় না।
তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম দেশের একটি অংশকে বিচ্ছিন্ন করে সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চাইলে আধিপত্যবাদবিরোধী, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও আপনারা এতটুকু সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনারা সবসময় বিরোধী দলকে দায়ী করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন। একটি জেলার সন্ত্রাসও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না।
মন্ত্রিসভার কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, পত্রিকায় খবর এসেছে, বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন। রাজশাহীর বিভিন্ন বাড়িতে বিএনপি নেতাদের আশ্রয়ে আওয়ামী লীগের নেতারা রয়েছেন বলেও সংবাদমাধ্যমে দেখেছেন বলে জানান তিনি।
মিটিং-মিছিলে আওয়ামী লীগ থেকে আসা বিএনপির কিছু নেতাকর্মী বক্তব্যের শেষে ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এমনকি মন্ত্রিসভায়ও আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক বছর ভারতে আশ্রয়ে থাকাকালে র-এর সঙ্গে যোগাযোগ করে কী পরিমাণ প্রশিক্ষণ নিয়েছেন, সেই প্রশিক্ষণ এখন কাজে লাগাচ্ছেন। প্রধানমন্ত্রীকে এসব খবর রাখতে হবে।
তবে সরকার ব্যর্থ হোক চান না জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আমরা সরকারকে পদত্যাগ করতে বলিনি। কিন্তু আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ দেখতে চাই। ২৪ জুলাই যে ঐক্য আপনারা দেখেছেন, সেই ঐক্য ছিল রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার জন্য মানুষ রক্ত দিয়েছে। জুলাই সনদ ছিল সেই ঐক্যের মূলমন্ত্র। অথচ সরকার সেই জুলাই সনদকে অগ্রাহ্য করছে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: