প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৬, ২৩:০১
ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আজকের দিনটি আমাদের ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং চলাচলের যে স্বাধীনতা তা রক্ষা করার দিন।
৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. আমান উল্লাহ আমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়াও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: