প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ২৩:২৮
আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁন বলেন, ‘গাজীপুরে পুলিশের তিন গাড়িতে আগুন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, বিভিন্ন জায়গায় বাস ও গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানে আগুন, সরকারি স্থাপনা ভাঙচুর কি শ্রমিক আন্দোলন? আর যারা বলছেন, বিএনপির নেতাকর্মীরা মাঠে কেন? কিন্তু কেন প্রশ্ন তুলছেন না, শ্রমিক আন্দোলনের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাসকে মোকাবিলা করতে জামায়াত-এনসিপি মাঠে নাই কেন? তাহলে কি রাজপথ আওয়ামী লীগের দখলে নেওয়ার জন্য সুশীলতা দেখিয়ে উন্মুক্ত করে দিতে হবে?’
তিনি জানান, সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে যে, আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা গার্মেন্টস কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছেন। ডিসেম্বর মাস কেন্দ্র করে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করার বিকল্প নেই।
‘বরং গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে জামায়াত-এনসিপিকে বলবো, উসকানি না দিয়ে দেশ বাঁচাতে মাঠে নামুন,’ যোগ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র মানে আরেকটি ১/১১ সৃষ্টি করার অপচেষ্টা। এই অপচেষ্টা রুখে দেওয়া কি সবার দায়িত্ব না? ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে আবারও বাংলাদেশপন্থি শক্তিকে একযোগে মাঠে নামতে হবে। রাজপথ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রাজপথ কখনো শূন্য থাকে না, কেউ না কেউ দখলে নেয়। বিএনপি দখলে না রাখতে পারলে ফাঁকা মাঠ ষড়যন্ত্রকারীরা দখলে নিয়ে নেবে।’
আওয়ামী লীগের পাতা ফাঁদে পা না দিতে সাধারণ শ্রমিকদের প্রতি অনুরোধ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: