প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ২২:৫৭
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম আবারও অস্বাভাবিকভাবে বাড়ানো জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
সোমবার ( ২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে দেশে এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ানোয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদও জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ বাজার তদারকি বা অসাধু ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
আমি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে জামায়াত নেতা অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: