[email protected] ঢাকা | সোমবার, ২রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে: ডা. শফিকুর রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৬, ২১:১২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ফাইল ছবি/সংগ্রহীত

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সংকট সমাধানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো ক্রয়াদেশ না পাওয়ার কারণে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মুখোমুখি।

তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে যেসব সমস্যার কারণে শিল্পটি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে, সেগুলো দূর করতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব।

জামায়াতের আমির বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা ও এ শিল্পে নিয়োজিত শ্রমিক—উভয়কে বাঁচাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর