প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৬, ২১:০১
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ অক্টোবর) নগরীর বাসার রোডের তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাঠের আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর ঝুঁকি কমানোর চেষ্টা করেন নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে পানি জমে থাকলে এডিস মশার প্রজনন হতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ‘আমাদের সুন্দর শহর রাজশাহীকে সব সময় পরিচ্ছন্ন রাখতে চাই। নগরীর কোথাও যেন ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে তাঁরা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই হবে না, বাস্তবেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ লক্ষ্যেই তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন। নগরীর প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করবেন বলেও জানান তিনি।
মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, ‘আমাদের এ কার্যক্রম শুধু আজকের জন্য নয়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানাবেন। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের বলবেন, আমরা গিয়ে পরিষ্কার করে দেব।’
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরীর প্রতিটি এলাকার মানুষকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, বোয়ালিয়া পূর্ব থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি ও দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট; বোয়ালিয়া পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: