প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৩০
বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় জেলা শহরের নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাতেনখার মোড়ে পথ সভায় মিলিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। এ সময় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা কর্মীরা কঠোর ভূমিকা পালন করবে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে।
নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা ও দেন।
কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: