[email protected] ঢাকা | মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬, ২৭শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে ‘অনিয়ম’, নাচোলে ইউএনও কার্যালয় ঘেড়াও

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৬, ১৯:৩৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ডের আদমশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে নাচোল উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১০ আগষ্ট) বেলা ১১ টার দিকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা এবং যোগ্যদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন ও মেইন গেটে তালা দেন তারা।

অভিযোগকারীদের দাবি, বিতর্কিত নিয়োগের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা ফলাফলও প্রশ্নবিদ্ধ। তাই বর্তমান ফলাফল প্রত্যাখ্যান করে নিয়োগ প্রক্রিয়া তদন্ত, তথ্য পুনরায় যাচাই-বাছাই এবং প্রকৃত যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। আজকের মধ্যে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা না নিলে আগামীকাল সকাল সাড়ে নয়টার সময় আবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ বলেন, সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই সময় ছাত্রদলের নেতারা উপজেলা প্রশাসন ভবনের মূল গেটে তালা দেয়। আমাদের দাবি বিএনপির সরকারের প্রতিশ্রুতি হচ্ছে এই ফ্যামেলি কার্ড। আমরা নির্বাচনের সময় জনগনকে কথা দিয়েছে তাদেরকে ফ্যামেলী কার্ড দিবো। কিন্ত জামায়াতের এমপির লিস্ট অনুসরন করে নিয়োগ পরিক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। আমরা আজকের মধ্যে্ এই রেজাল্ট বাতিলের আল্টিমেটাম দিয়েছি। আমাদের দাবি পূরণ না হলে আগামীকাল সকালে আবার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করবো।

ইউএনও অফিসের সামনে অনিয়ম দুর্নীতির অভিযোগে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, ডালিম, রানা প্রমূখ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ফ্যামেলী কার্ড আদমশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে এই বিষয়ে জানতে ইউএনও এর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর