প্রকাশিত:
২৯ জুলাই ২০২৬, ২২:৫৬
রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ পিতা-পুত্রের সন্ধ্যান মিলেনি এখনও। যে নদীতে নৌকাডুবিতে প্রাণ কেড়ে নেয় মানুষের, সেই পদ্মায় আর কারো যেনো সলির সমাধি না হয়, সেই প্রত্যয়ে মাঝিদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট দিয়েছে মহানগর যুবদল।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নগরীর বড়কুঠি ঘাটে নৌকার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি।
লাইফ জ্যাকেট হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বড়কুঠি এলাকার নৌকার মাঝি শরিফুল বলেন, ‘আমরা প্রতিদিন জীবিকার জন্য পদ্মা নদীতে নৌকা চালাই। নদীর ঝুঁকি সম্পর্কে আমরা জানি। কিন্তু অনেক সময় যাত্রীদের তাড়া বা অসচেতনতার কারণে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়। নৌকাডুবির সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। যুবদলের পক্ষ থেকে লাইফ জ্যাকেট দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এখন থেকে আমরা নিজেরা লাইফ জ্যাকেট ব্যবহার করার পাশাপাশি যাত্রীদেরও তা ব্যবহারে উৎসাহিত করবো।’
মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি বলেন, ভবিষ্যতে পদ্মায় প্রাণহানি কমাতে মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেছি। আমরা চাই না পদ্মার বুকে আর কোনো নৌকাডুবিতে কোনো মায়ের বুক খালি হোক।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসদুল হক মৃধা মমিন, মজিবুল হক মিলন, সদস্য রবিন হোসেন, মানিকসহ মহানগর যুবদলের সদস্যরা।
এর আগের দিন মঙ্গলবার দুপুরে পদ্মার চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে নৌকায় এপাড়ে ফিরছিলেন আটজন। মাঝ নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা পানিতে ঝাঁপ দিলে অন্য নৌকার মাঝি ও স্থানীয়রা এগিয়ে এসে ছয়জনকে জীবিত উদ্ধার করে। তবে প্রবল স্রোতে তলিয়ে যান মাঝি আফছার আলী ও তাঁর ছেলে জিয়ারুল।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: