[email protected] ঢাকা | সোমবার, ২৭শে জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৬, ২২:১০

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি/সংগ্রহীত

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।

তি‌নি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের বেশিরভাগ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে কুড়িগ্রাম, রংপুরসহ এ অঞ্চলের বড় বড় উন্নয়ন প্রকল্প ও বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চলের জন্য কোনো বড় উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।

কৃষক কার্ডের বিষয়ে তিনি বলেন, কৃষকরা কিছু আর্থিক সহায়তা পেলেও এতে কৃষির মৌলিক সমস্যার সমাধান হবে না। বরং কৃষক কার্ডকে কেন্দ্র করে দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। এবারের বাজেটেও সেই বৈষম্য দূর করার মতো কার্যকর উদ্যোগ নেই। উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই আন্দোল‌নে সন্তান রংপু‌রের সন্তান শহীদ আবু সাঈদ আত্মত্যাগ করেছেন।

কৃষি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, কুড়িগ্রামের আলু চাষিরা ন্যায্যমূল্য পান না এবং অধিকাংশ উপজেলায় পর্যাপ্ত হিমাগার না থাকায় অনেক আলু নষ্ট হচ্ছে। আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, কৃষিখাতে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সরকারি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় আরও বক্তব্য দেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার, মেরিনা আক্তার এবং কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। এছাড়াই সমাবেশে জুলাই আন্দোলনে নিহত কুড়িগ্রামের রাজিব হাসানের মা জান্নাতুল ফেরদৌসও বক্তব্য দেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর