প্রকাশিত:
২৮ জুন ২০২৬, ২৩:০৩
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা না থাকায় লাগাতার লোডশেডিংয়ে দেশের মানুষের জীবনমান চরমভাবে ব্যাহত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশের মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
রোববার (২৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, তাঁর নির্বাচনি এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিয়ত সাধারণ মানুষ ফোন ও বার্তার মাধ্যমে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের অভিযোগ জানাচ্ছেন।
তিনি বলেন, “এখন বিদ্যুৎ কতক্ষণ যায়, সেটা নয়—বিদ্যুৎ কতক্ষণ পরপর আসে, সেটাই হিসাব করতে হচ্ছে। রাতে মানুষের ঘুম নেই, দিনে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।”
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে শত শত অটো রাইস মিল রয়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং চালের মান নষ্ট হয়ে ক্ষুদে পরিণত হচ্ছে। এতে মিল মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে পরীক্ষার্থী ও সাধারণ মানুষও চরম ভোগান্তিতে রয়েছেন। সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিরোধী দল বারবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। তবে তাদের কাছ থেকে গ্রিড বিকল হওয়ার মতো বিভিন্ন কারণের কথা জানানো হচ্ছে। দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতি প্রসঙ্গে বুলবুল বলেন, সংসদে সরকারের মন্ত্রী ও সরকারি দলের সদস্যরা বাজারের বাস্তব চিত্র স্বীকার করতে চান না।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সংসদে বলেছিলাম, সরকারি দলের ট্রেজারি বেঞ্চে যারা বসেন, তাদের চোখে যেন একটি ‘ম্যাজিক চশমা’ থাকে। তারা বাজারে গেলে সবকিছুর দাম কম দেখেন, সবকিছু স্বাভাবিক মনে হয় জনগণের কোনো কষ্ট তাদের চোখে পড়ে না।” তিনি দেশের বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: