[email protected] ঢাকা | শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২
thecitybank.com

হারুন আপনাদের সন্তান, আপনাদের মাঝেই থাকবে: বিএনপি নেত্রী পাপিয়া

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩৮

বিএনপির নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। ফাইল ছবি/সংগ্রহীত

সারাদেশে ধানের শীষের 'ভূমিধস' বিজয় হলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হারুনুর রশিদের পরাজয়ে মুষড়ে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর এক ফেসবুক বার্তায় ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হারুনের স্ত্রী এবং বিএনপির নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

পাপিয়া তার বার্তায় সারাদেশে ধানের শীষের জয়কে 'গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের বিজয়' হিসেবে অভিহিত করে বলেন, ‘‘আলহামদুলিল্লাহ! সারা দেশে ধানের শীষের এই ভূমিধস বিজয়—গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার আদায়ের বিজয়। এই ঐতিহাসিক সাফল্যের জন্য আমি প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।“

তবে নিজ জনপদ চাঁপাইনবাবগঞ্জের ফলাফল নিয়ে মানুষের মনে জমে থাকা কষ্ট ও প্রশ্ন সম্পর্কে তিনি সচেতন বলে জানান। পরাজয়ের কারণ নিয়ে এখনই কোনো তিক্ত আলোচনায় না গিয়ে তিনি বলেন, "আমার নিজের জনপদ চাঁপাইনবাবগঞ্জ নিয়ে অনেকের মনেই আজ প্রশ্ন আর কষ্ট। কেন এমন হলো, তার ব্যাখ্যা বা কারণ অনেক আছে—তবে আজ থাক; আজ আর সেই তিক্ততায় না যাই। আজ শুধু কৃতজ্ঞতা জানাই সেইসব অকুতোভয় মানুষকে, যারা সকল প্রতিকূলতা মাড়িয়ে আপনাদের নেতা হারুন অর রশিদকে ভোট দিয়েছেন এবং তাকে ভালোবাসেন।"

তিনি প্রতিকূলতার মাঝেও যারা হারুনুর রশিদকে ভোট দিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—হারুন অর রশিদ আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। তিনি আপনাদের ছেড়ে কোথাও যাবেন না। সংসদের ভেতরে হোক কিংবা বাইরের রাজপথে—তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে কেবল চাঁপাইনবাবগঞ্জের ভাবনা। হয়তো আগামীতে কাজের ধরন পাল্টে যাবে, সেবার মাধ্যম ভিন্ন হবে—কিন্তু আপনাদের হারুন আপনাদের মাঝেই থাকবেন। আপনাদের সুখ-দুঃখে পাহারাদার হয়ে আজীবন তিনি আপনাদের সেবা করে যাবেন ইনশাআল্লাহ।”

বিজয় উদযাপনে কর্মীদের সংযত হওয়ার পরামর্শ দিয়ে পাপিয়া বলেন, "বিজয় সুশৃঙ্খলভাবে উদযাপন করুন। মনে রাখবেন, আমরা প্রতিহিংসায় নয়, শান্তিতে বিশ্বাসী।"

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ জামায়াতেরে মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক এই ঘাঁটিতে বিএনপির এমন পরাজয় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর