[email protected] ঢাকা | শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬, ৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ, প্রতিরোধ গড়ার অঙ্গীকার স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৬, ১৯:৪৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শাহীবাগ সার্কিট হাউস মোড় জামে মসজিদ এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহ পরিণতি, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ক্ষতিকর প্রভাব এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনসাধারণের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, ধর্মীয় নেতা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর