প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৬, ১৮:৪৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চেক ও বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি উপকারভোগীদের হাতে চেক ও আর্থিক সহায়তা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী আল মাহমুদ, এসিল্যান্ড উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ নাহিদ/আ.আ
মন্তব্য করুন: