প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৬, ১৮:২৭
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারে সংশ্লিষ্ট থানাসমূহের পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। উদ্ধারকৃত মোট ৩০টি মোবাইল ফোনের মধ্যে সদর মডেল থানা কর্তৃক ১৫টি, শিবগঞ্জ থানা কর্তৃক ০৬টি, নাচোল থানা কর্তৃক ০৭টি এবং গোমস্তাপুর থানা কর্তৃক ০২টি মোবাইল উদ্ধার করা হয়।
এদিকে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মালিকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মানবিক ও প্রযুক্তিনির্ভর এমন সময়োপযোগী পদক্ষেপের তীব্র প্রশংসা করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি গভীর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩০টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়েছে। হারানো মোবাইল ফোন একটি সাধারণ ঘটনা মনে হলেও ভুক্তভোগীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেকের মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে। আমরা চেষ্টা করছি প্রতিটি জিডিকে গুরুত্ব দিয়ে কাজ করতে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: