[email protected] ঢাকা | মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬, ২৪শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ছেলের লেখাপড়ায় অসহায় মায়ের পাশে ইউএনও জিল্লুর রহমান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৫

সহোযোগিতার অর্থ তুলে দিচ্ছেন ইউএনও জিল্লুর রহমান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে তার ছেলের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অসহায় ওই নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, আর্থিক সংকটের কারণে ওই নারী তার ছেলের পড়ালেখা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের পাশে দাঁড়ান এবং ছেলের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সন্তানের পড়ালেখা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। ইউএনওর সহযোগিতায় তার সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে এবং তিনি নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উপজেলার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার এমন মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তারা আশা করেন, ইউএনও জিল্লুর রহমানের মতো মানবিক কর্মকর্তাদের এমন উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতা ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছি।”

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর