প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৬, ২৩:১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
প্যারেডে পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে ডিআইজি তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলা পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে জেলা পুলিশের কার্যকর ভূমিকারও প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, বার্ষিক পরিদর্শন প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবেশন), জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
বার্ষিক পরিদর্শন প্যারেডের মধ্য দিয়ে জেলা পুলিশের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শৃঙ্খলা • পেশাদারিত্ব • জনসেবা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়তে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: