[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে প্রশাসনের অভিযানে ১১টি টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত, সরঞ্জাম ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৬, ২১:৫৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ভুট্টাক্ষেতে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা ১১টি টিয়াপাখি উদ্ধার করে সেগুলোকে উন্মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। একই সাথে বন্যপাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত নানা ধরনের ফাঁদ ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে বেশ কয়েকজন শিকারি ফাঁদ পেতে গোপনে টিয়াপাখি ধরছে—এমন সুনির্দিষ্ট তথ্য পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের গাড়ি ও উপস্থিতি টের পেয়ে চতুর শিকারিরা ঘটনাস্থলে সবকিছু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনিক সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১১টি তাজা টিয়াপাখি উদ্ধার করেন এবং শিকারের কাজে ব্যবহৃত ক্ষতিকারক সব সরঞ্জামাদি জব্দ করেন।

অভিযান শেষে উদ্ধারকৃত পাখিগুলোকে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে পাখিগুলোকে খাঁচামুক্ত করে সসম্মানে ডানা মেলতে দেওয়া হয় নীলাকাশে। অন্যদিকে জব্দকৃত যাবতীয় শিকার সরঞ্জাম উপজেলা পরিষদ চত্বরেই আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যেন পরবর্তীতে সেগুলো আর কোনো বন্যপ্রাণীর ক্ষতির কারণ হতে না পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বিকল্প নেই। পাখি ধরা বা হত্যা করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বন্যপাখি শিকার প্রতিরোধে প্রশাসনের এই কঠোর তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পারচৌকা এলাকায় পাখি শিকারিদের বিরুদ্ধে প্রশাসনের এটিই প্রথম পদক্ষেপ নয়। এর আগে গত ১৬ আগস্ট একই স্থানে অভিযান চালিয়ে পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল এবং তার থেকে টিয়াপাখি উদ্ধার করে মুক্ত করে দেওয়া হয়েছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর