প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৬, ২১:৫৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন-২০০৬ লংঘন করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে মো: মোশাররফ হোসেন (পিতা: মৃত নুরুল হুদা) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার নামক স্থানে এই ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: জিল্লুর রহমান।
এ সময় অবৈধভাবে রাসায়নিক সার মজুদ কারি মোশাররফ হোসেন কে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী অবৈধ সার মজুদ ও বিপণনের দায়ে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ১৩ বস্তা ডিএপি সার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান এই সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন এবং বিক্রয়লব্ধ সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করবেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মো: সামিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: