[email protected] ঢাকা | রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬, ৯ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৬, ২০:৫৩

প্রতিকী ছবি

সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা শতকরা হিসেবে ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিন ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেলপ্রতি ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা শতকরা হিসেবে ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সর্বশেষ অপরিশোধিত জ্বালানি তেলের এই মূল্যচিত্র দেখা গিয়েছিল গত ২৯ এপ্রিল। সে সময় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক অভিযান ও পাল্টাপাল্টি আঘাত তুঙ্গে ছিল।

বিশ্লেষকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে শতকরা ৬ শতাংশ; আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার ঘটনা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং তেল সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই অঞ্চলে সরবরাহ ঝুঁকির আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে।

এ মূল্যবৃদ্ধির জেরে শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাত ২.৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যদিও যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র : রয়টার্স/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর