[email protected] ঢাকা | সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৬, ২১:১৩

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে ‘কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই’ পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই সতর্কবার্তা দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ‘ভুল’ পদক্ষেপ নেওয়া হলে তার ফল হবে ‘বেদনাদায়ক হামলা’।

বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলের মিথ্যা তথ্য ও পরিকল্পনার ভিত্তিতে শুরু হওয়া যুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল করতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত পেয়েছে বলেও দাবি করেছে ইরান।

ইরানের সামরিক সদর দপ্তর আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে থাকা তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে বড় ধরনের হামলা চালায়, তাহলে যেসব দেশ এ ধরনের হামলার জন্য নিজেদের ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে, তাদেরও দায়ী হিসেবে বিবেচনা করা হবে।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্দেশে সতর্ক করে বলা হয়, ইরানের সঙ্গে দ্বৈত নীতি অব্যাহত রেখে কেউ যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদেরও এই কর্মকাণ্ডের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের সামরিক বাহিনী আরও সতর্ক করে বলেছে, এমন পরিস্থিতিতে ওই দেশগুলো আর ইরানের পক্ষ থেকে কোনো ধরনের সংযম বা ছাড় পাওয়ার আশা করতে পারবে না।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। এর ফলে অঞ্চলটির মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্র দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর