[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১৬

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে ৫৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন, শিবগঞ্জে ৭৮ জন, গোমস্তাপুরে ৪৬ জন, নাচোলে ৩৪ জন এবং ভোলাহাটে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর