[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ জুলাই ২০২৬, ১৭:১২

জেলা হাসপাতালে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধনে হারুনুর রশিদ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা সেবাদান প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে জেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২ টার দিকে এই ডিজিটালাইজেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ নতুন এই অটোমেশন সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন। বক্তব্যে তিনি জানান, জেলা পরিষদের এই উদ্যোগের ফলে আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই হাসপাতালের সার্বিক সেবাদান কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় চলে আসবে। এর মাধ্যমে শিশু থেকে শুরু করে হাসপাতালে আসা প্রতিটি রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য ও হিস্টোরি স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে।

নতুন এই ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি আরও জানান, অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসী বিভাগকেও যুক্ত করা হচ্ছে। এর ফলে রোগীদের কি পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে এবং স্টোরে কি পরিমাণ মজুদ রয়েছে, তা সহজেই ট্র্যাক করা সম্ভব হবে। এছাড়া প্যাথোলজিক্যাল টেস্ট ও এক্স-রে সহ অন্যান্য সব পরীক্ষার রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছে যাবে এবং রোগীরাও নিজস্ব একটি কপি সংগ্রহ করতে পারবেন। দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে এই আধুনিক সেবা চালু করা সম্ভব হলো।

এছাড়া বিএনপির এই নেতা আরোও বলেন, ইতিমধ্যে দুইজন চিকিৎসক জেলা হাসপাতালে পদায়ন হয়েছে তারা দ্রুত সময়ে যোগদান করবেন এবং সার্জারিসহ আরোও কিছু ডাক্তারকে আনার প্রক্রিয়া চলছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং মাসিদুল হক নিখিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সুধীজন আশা প্রকাশ করেন যে, এই অটোমেশন চালু হওয়ার ফলে সাধারণ রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে এবং চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি পাবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর