প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৬, ২২:৫৯
অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ (২৪ অক্টোবর)। প্রতি বছরের মতো এবারও তিনি জন্মদিনের সন্ধ্যায় জমকালো অনুষ্ঠান করেছেন। কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে উদযাপন করেছেন বিশেষ দিন।
এবার পরী তার জন্মদিন সাজিয়েছেন শিউলি ফুলে। যে ভেন্যুতে অনুষ্ঠান করেছেন, সেটার সিঁড়িতে বিছিয়ে রেখেছেন শিউলি ফুল, নিজেও পরেছেন এমন একটি শাড়ি, যেটাতে শিউলি ফুলের নকশা করা।
পরীমনি জানান, অক্টোবরের ফুল হিসেবে শিউলির কথাই মাথায় এসেছিল তার। সেজন্য এবার এই থিমে সাজিয়েছেন পুরো আয়োজন। শাড়ি ও থিম প্রসঙ্গে পরী বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে। সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা আছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার বিপরীতে কৃতজ্ঞতাও জানালেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
পরীমনি সর্বশেষ অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: