প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। নিজে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, শুনছেন জনগনের আশা আকাঙ্খার কথা। তবে এবার পিতার নির্বাচনী মাঠে নতুন বার্তা নিয়ে এসেছেন জনপ্রিয় ইসলামীক সংগীত শিল্পী জাইমা নূর।
জানা যায়, জাইমা নূর অষ্টম শ্রেণিতে পড়ে। তার ফেসবুকে তার ফলোয়ার্স প্রায় ৬ লাখ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বাবা নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী প্রচারণায়ও সক্রিয় দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাবার পক্ষে সৃজনশীল ভ্লগিং এবং সরাসরি গণসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। সংগীতের ভুবন থেকে বিরতি নিলেও সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় আদর্শের পথে তার এই দৃঢ় অবস্থান ভক্তদের কাছে তাকে নতুনভাবে পরিচিত করে তুলেছে।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাইমা নূর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। তার ভাষ্য, আব্বু (নুরুল ইসলাম বুলবুল) নির্বাচিত হলে মহানন্দার পাশে রিভার ড্রাইভ করে দেবেন, যেমন কক্সবাজারে মেরিন ড্রাইভ রোড রয়েছে। এছাড়াও জাইমা নুরুল ইসলাম বুলবুলের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও জাইমার এসব কর্মকাণ্ড বেশ আগ্রহ সহকারে চোখ রাখছেন।
উল্লেখ্য, ২০২২ সালের মাঝামাঝি সময়ে ইসলামী বিধিবিধান ও পর্দা পালনের উদ্দেশ্যে নিয়মিত মিউজিক ভিডিও এবং স্টেজ পারফরম্যান্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন এই শিল্পী। এছাড়া ‘‘বাবা মানে হাজার বিকেল‘‘ ইসলামকি সংগীতটি পরিবেশনা করে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: