[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬, ২০শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৬, ২৩:১৫

ছবি: সংগ্রহীত

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালি শেষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মোহা. লতিফুর রহমান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।

আরও উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক মানে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশের পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মোহা. লতিফুর রহমান বলেন, “শিক্ষক মানে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, শিক্ষক হলেন প্রকৃত মানুষ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সামাজিক ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব।”

তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান। অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে আরও আধুনিক ও কার্যকর করতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামূলক কাজে সম্পৃক্ততা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষকরা যাতে সমাজে তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে কাজ করতে পারেন, সে লক্ষ্যে একটি শিক্ষকবান্ধব প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভায় কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁদের মতামত তুলে ধরে বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু পাঠ্যবিষয়ভিত্তিক জ্ঞান অর্জন নয়; শিক্ষার্থীদের মেধার বিকাশ ও নৈতিকতার উন্নয়ন ঘটানোও এর গুরুত্বপূর্ণ অংশ। উন্নত শিক্ষণ পদ্ধতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে অধ্যক্ষ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর