[email protected] ঢাকা | শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬, ৯ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নেবে পিএসসি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৬, ২৩:০৮

প্রতিকী ছবি

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৬-এর মাধ্যমে ৫ হাজার সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

স্বাস্থ্য ক্যাডারের শূন্য পদ পূরণের লক্ষ্যে এই বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে বলে আজ বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এমবিবিএস, বিডিএস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

এতে বলা হয়, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত (পরবর্তী ৭২ ঘণ্টা) টেলিটক এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তথ্য যাচাইকরণ ফি ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে তথ্য যাচাইকরণ ফি ৫ টাকাসহ মোট ফি ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লিখিত কোটা বহির্ভূত অন্য কোনো প্রার্থী কম ফি প্রদান করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীরা পিএসসির নির্ধারিত ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd A_ev bpsc.gov.bd)--এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস বা বিডিএস শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে ২৫ অক্টোবরের মধ্যে তাদের লিখিত পরীক্ষা সম্পন্ন হতে হবে এবং পরবর্তীতে চূড়ান্ত ডিগ্রি অর্জন করতে হবে।
কোনো বিষয়ে অকৃতকার্য হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।

অন্যদিকে বিদেশি ডিগ্রিধারীদের মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত সমমান সনদ প্রদর্শন করতে হবে।

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষা মোট ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য নির্দিষ্ট শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ১৫২.৪০ সেমি ও ওজন ৪৯.৯৯ কেজি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ১৪৭.৩২ সেমি ও ওজন ৪৩.৫৪ কেজি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের পরীক্ষার সময় শ্রুতিলেখকের প্রয়োজন হবে, তাদের আগামী ৩ নভেম্বরের মধ্যে কমিশনের কাছে লিখিত আবেদন করতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর