[email protected] ঢাকা | শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬, ৩রা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

নাচোলের বর্দ্ধাইচন্ডিপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৬, ১৭:২৮

অভিভাবক সমাবেশে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং নৈতিক চরিত্র গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বর্দ্ধাইচন্ডিপুর বাইলকাপাড়া আলিম মাদরাসায় এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সমাবেশে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী। সমাবেশে ছাত্র-ছাত্রীদের বিপুল সংখ্যক অভিভাবক এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ সোলায়মান আলী বলেন, "শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে চলবে না, তাদের আদর্শ ও নৈতিক চরিত্রবান নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। আর এজন্য পরিবার ও মাদ্রাসা উভয়কেই যৌথ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেমন যত্ন নিবেন, ঠিক তেমনি বাড়িতেও অভিভাবকদের সন্তানদের পড়াশোনা ও চলাফেরার প্রতি বাড়তি নজর দিতে হবে। অভিভাবকদের সচেতনতাই পারে একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল করতে।"

তিনি প্রতিষ্ঠানের সাম্প্রতিক ফলাফল ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও অভিভাবকদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিত এবং ক্লাসের পড়া প্রতিদিন সম্পন্ন করা নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। আধুনিক যুগের নানা নেতিবাচক প্রভাব ও প্রযুক্তির অপব্যবহার থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। মাদ্রাসা ও অভিভাবক উভয়ের সম্মিলিত প্রচেষ্টাই ছাত্র-ছাত্রীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেবে।"

এছাড়াও অভিভাবক ও ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ বাবুল আক্তার, মোঃ জালাল উদ্দিন, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মুসলিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সমাবেশে উপস্থিত অভিভাবকরা মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সন্তানদের পড়াশোনার সুবিধার্থে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। সবশেষে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য এবং মাদ্রাসার উত্তরোত্তর মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অভিভাবক সমাবেশটি সমাপ্ত হয়।

হেলাল উদ্দিন/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর