প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৭:৩১
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ক্লিনিকে হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভেটেরিনারি ছাত্র সমিতি।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, "একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আকুল আবেদন—ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো চিকিৎসকের ওপর এমন হামলা না হয়।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, "ময়মনসিংহের ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ইতোমধ্যে একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জেনেছি। বাকি হামলাকারীকেও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি।"
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ভেটেরিনারি পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, "ভেটেরিনারি পেশা কেবল ব্যক্তিগত কোনো পেশা নয়, এটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেটেরিনারিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলেই দেশের বাজারে প্রয়োজনীয় প্রোটিন ও আমিষের জোগান নিশ্চিত হয়। সেই চিকিৎসকদের ওপর যেভাবে পরিকল্পিতভাবে হামলা ও লাঞ্ছনা করা হয়েছে, তা চরম বর্বরতা।"
তিনি আরও বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভ ভিডিওতে পুরো পৃথিবী এই ন্যক্কারজনক ঘটনা দেখেছে। আমরা আমাদের সম্মান ও অধিকার রক্ষার জন্য আজ রাজপথে দাঁড়িয়েছি। অপরাধীরা যেন অনুধাবন করতে পারে—ভেটেরিনারিয়ানরা দেশের ও রাষ্ট্রের সম্পদ।"
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক মোইজুর রহমান, অধ্যাপক তৌফিক আনাম আজাদ, আবদুল্লাহ আল-মামুন ভূঁঞা, বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং ভেট এক্সিকিউটিভ (রাজশাহী শাখা)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: