প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৬, ২২:১০
যুবাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩০ জন যুবকের অংশগ্রহণে ৩ দিনব্যাপী ব্লক বাটিক কারিগরী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে দরিদ্র পরিবারের যুবাদের অগ্রাধিকার দিয়ে আয়বর্ধক ও কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্লক বাটিকের বিভিন্ন কৌশল, নকশা তৈরি ও ব্যবহারিক কাজ হাতে-কলমে শেখেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের তৈরি বিভিন্ন কাজ ও ব্লক বাটিক পণ্য প্রদর্শন করেন।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে একটি দল বা প্ল্যাটফর্ম গঠন করে যৌথভাবে কাজ করার এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানুয়েল হাসদা, এডিপি ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি বলেন, যুবক-যুবতীদের শুধু প্রশিক্ষণ প্রদান নয়, বরং প্রশিক্ষণ-পরবর্তী সময়ে তাদের দক্ষতাকে আয় ও উদ্যোক্তা উন্নয়নের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশিক্ষণের উদ্দেশ্য, যুব উদ্যোক্তা তৈরির ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয় তুলে ধরেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের একটি কার্যকর দল বা প্ল্যাটফর্মের আওতায় এনে পারস্পরিক সহযোগিতা, পণ্য উৎপাদন, বাজার সংযোগ ও উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা গেলে তারা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ-পরবর্তী সময়ে অংশগ্রহণকারীদের সংগঠিত করা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, বাজারের সঙ্গে সংযোগ স্থাপন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।
ব্লক বাটিক প্রশিক্ষণটি যুবাদের দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সফলভাবে সমাপ্ত হয়েছে।
ম.হ/ও.ভি.বা/আ.আ
মন্তব্য করুন: