[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করলো বাবুডাইং আলোর পাঠশালা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১৯:১৭

ছবি: সংগ্রহীত

চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মাতৃভাষায় কবিতা আবৃত্তি, নাচ-গান ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

‘ আদিবাসী ধাত্রীদের সম্মান জানাই, জীবন ও সুস্থতা সুরক্ষা করি ’ প্রতিপাদ্যে রোববার (০৯ আগষ্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুর ১২টায় শুরু করা হয় শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয়, তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এরপর প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান অর্পিতার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুরমু, শিক্ষকদের মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের নীলমনি কিসকু, মুন্ডা সম্প্রদায়ের উজ্জল পাহান, কোল সম্প্রদায়ের নির্মল কোল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বিমল হাঁসদাক্। এর আগে বিভিন্ন শ্রেণির কোল শিক্ষার্থীরা মাতৃভাষায় কবিতা আবৃত্তি করে। সাঁওতালি ভাষায় গান পরিবেশন করেন সহকারি শিক্ষক ট্রেম হাসদা। কোল ভাষায় গান গেয়ে নাচ করে কোল শিক্ষার্থীরা।

বক্তব্য দিতে গিয়ে নীলমণি কিস্কু বলেন, আজ আমরা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, এই বাংলাদেশে আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না। বলা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এটি একটি লজ্জার বিষয়। বিভিন্ন অজুহাতে আজও আমাদের উপর নানা রকম অত্যাচার নির্যাতন চলছে। আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আজকের আদিবাসী দিবসে আমাদের চাওয়া, আদিবাসীদের অধিকার রক্ষা হোক।

অন্যান্য বক্তারা বলেন, আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক। এদেশের সর্বক্ষেত্রে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আদিবাসীদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। পিছিয়ে পড়া এসব আদিবাসীদের সহযোগিতা করতে হবে। তবেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

নূর/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর