প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৯:৩৬
চাঁপাইনবাবগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শুক উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর রেলপাড়া মসজিদ সংলগ্ন কামাল ইলেকট্রনিক্স ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সেলিম রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আলীনগর রেলপাড়া এলাকার মৃত মোক্তার হোসেন নাছুর ছেলে শুক উদ্দিনের হেফাজত থেকে ৪০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সদর মডেল থানা পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন থাকবে।’
এনামুল হক নাসিম/ই.ই
মন্তব্য করুন: