প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২১:০৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ৩০০ লিটার ওয়াশসহ সূর্য শিং (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সূর্য শিং ওই এলাকার মৃত কাশিনাথ শিং ও মৃত চিন্তা দাসীর ছেলে। তিনি রহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৩০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক উৎপাদন-বিক্রির বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: