[email protected] ঢাকা | সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ১২ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

দোকানে পেট্রল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৬, ২০:১৭

নিহত আব্দুল বারী। ছবি: সংগ্রহীত

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তাঁর দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আগের বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান চালাতেন।

নিহতের স্বজন ও পুলিশের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর নগরের চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি টাকা ভাঙিয়ে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাঁদের সঙ্গে বারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জের ধরে রাত পৌনে দুইটার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে বলে পুলিশ ও স্বজনেরা জানান। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়। দোকানে আগুন দেখে বারীসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর