প্রকাশিত:
১৪ সেপ্টেম্বার ২০২৬, ২১:২৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদ ও ৩১ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব মাদকদ্রব্যের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ও বিনোদপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অপরদিকে, রাত ১১টা ২০ মিনিটে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন ৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf এবং ২৪ বোতল Fairdyl সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: