[email protected] ঢাকা | বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬, ১৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৬, ২২:৫৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ পুরিয়া হেরোইন, চার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১০৭ টাকা জব্দসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামের হাউসপুর জামে মসজিদসংলগ্ন আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০/এমপি থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মাদকসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের মো. শরিফুল ইসলাম মোশারফ (৩২), আলালপুর গ্রামের আশরাফুল হক সানাউল (৩৩) এবং চাঁনশিকারী গ্রামের মো. আমির (২৬)।

বিজিবির দাবি, আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন ও ইয়াবা এনে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিলেন। আটক তিনজনের বিরুদ্ধে জব্দকৃত মাদকদ্রব্যসহ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর