প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৬, ১৬:৩২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, বুলেট ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ১টি শ্যুটারগান, ১টি বুলেট, ২টি হাসুয়া ও ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, অভিযান চালিয়ে শ্যুটারগান, বুলেট ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে উদ্ধারকৃত সমস্ত আলামত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: