প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৬, ২০:৪৯
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। যার দাম প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও এর চাবি উদ্ধার করা হয়।
বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের ইসরাফিলের মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. আশরাফুল শুকুদ্দির ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার মো. কবিরুল ইসলাম ওরফে কবিরের ১৫ বছর বয়সী ছেলে সিফাত আলী।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ২ কেজি ৩২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি লাল রঙের Hero HF-Deluxe মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: