প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১৭:১৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাপ সিরাপ ও ৩ হাজার ৪০ পিস টেনসিউইন ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের চামুচা বিওপিতে কর্মরত হাবিলদার মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের পশ্চিমপাড়া মাঠ এলাকায় পরিচালিত হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাপ সিরাপ এবং ৩ হাজার ৪০ পিস টেনসিউইন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: