প্রকাশিত:
২০ জুলাই ২০২৬, ১৮:৪৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওর মাঠকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ভোলাহাটে 'রিক' (Resource Integration Centre) নামক একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাধানগর কলোনী এলাকার বাসিন্দা মো. জুয়েল মিয়ার ৬ বছর বয়সী শিশুকন্যা নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশ্যে এনজিও কর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান। বাড়িতে কোনো বড় মানুষ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে ভোলাহাট থানা পুলিশ।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিম শিশুটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত এনজিওকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: