[email protected] ঢাকা | সোমবার, ২৭শে জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আটক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৬, ২১:২৯

ছবি: সংগ্রহীত

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালের দিকে পালংখালী বিওপির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এফডব্লিউ ই-১৮ এলাকার বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে হাফিজ উল্লাহ(২১)।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া সীমান্ত এলাকায় পানির পয়েন্ট সংলগ্ন খালের মুখ এলাকায় অবস্থান নেয়।

সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে নদীপথে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর তার বহন করা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা নীল রঙের কার্টনে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজ উল্লাহ স্বীকার করেছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর