[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

পাথর বোঝাই ট্রাকে মিলল ৩২০ পিস ভারতীয় যন্ত্রাংশ, চালকসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ জুন ২০২৬, ১৬:২৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথর বোঝাই একটি বাংলাদেশী ট্রাকে তল্লাশি চালিয়ে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে ট্রাকচালক মোঃ মাহফুজুর রহমান (২৩) নামের এক যুবককে আটক করার পাশাপাশি ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত যুবক মাহফুজুর রহমান শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মোহাঃ শফিকুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত আনুমানিক পৌনে ০৯ টার দিকে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে। মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে দলটি সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশে পিরোজপুর গ্রামস্থ পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটিতে থাকা ১০ টন ভারতীয় পাথরের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মালামাল, জব্দকৃত ট্রাক এবং আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের অর্থনৈতিক সুরক্ষায় বিজিবির এমন কঠোর ও জোরালো অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুনও এই ব্যাটালিয়ন একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছিলো।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর