[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬, ১লা আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৪ জুন ২০২৬, ২২:৪২

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (১৪ জুন) বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি এই অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় 'ফেয়ারডিল' সিরাপ জব্দ করা হয়। পরবর্তীতে একই গ্রামের অপর একটি স্থানে দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে দ্বিতীয় বিশেষ অভিযানটি পরিচালিত হয়, যেখান থেকে উদ্ধার করা হয় আরও ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এস্কাফ' সিরাপ। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকা। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চলতি জুন মাসের মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে ৫৩ বিজিবি এ পর্যন্ত মোট ৬২১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে; যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০ (দুই লক্ষ আটাত্তর হাজার) টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধ, পুশ ইন প্রতিরোধ ও সার্বিক সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। একই সাথে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবির এই কঠোর নজরদারি ও মাদকবিরোধী তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর