[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান:

মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২১

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ জুন ২০২৬, ২২:০৫

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ সর্বমোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ নেতৃত্বে গতকাল শুক্রবার (০৫ জুন) সাড়ে ৭ টায় এই মাদক বিরোধী, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন মোঃ বকুল আলী, মোঃ দেলোয়ার, মোঃ আসলাম আলী, মোঃ খলিল, মোঃ রহিত ইসলাম, মোঃ আসাদুল্লাহ, মোঃ সুমন আলী, মোঃ আঃ সালাম, মোঃ দুলাল, মোসাঃ মোমেনা খাতুন, মোঃ জাহিরুল ইসলাম, মোঃ আঃ আলীম, মোঃ জুয়েল রানা, মোঃ বাবু, মোঃ শাহিন রেজা, মোঃ হযরত আলী, শ্রী কৃষ্ণ চৌধুরী, নয়ন হালদার, মোঃ নাসির উদ্দিন, মোঃ রাকিমুদ্দিন এবং মোঃ জাহিদ হাসান কাওসার; যাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানটিতে পুলিশ সুপারের সাথে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইনএবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সের একটি চৌকস দল।

যৌথ এই অভিযান পরিচালনাকালে সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১ জন, সাধারণ ওয়ারেন্ট মূলে ৩ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ সর্বমোট ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযান চলাকালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আরও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ১ জনকে ২১ দিন এবং অন্যজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অভিযান শেষে আসামিদের হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম ওয়াসিম ফিরোজ জানান, গ্রেফতারকৃত ২১ জন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক মামলা রুজু করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলাজুড়ে অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর