প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৬, ১৮:২০
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মোছাঃ সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোছাঃ সাবিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী ও মৃত সোহরাব আলীর কন্যা।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হকের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। গত মঙ্গলবার( ০৬ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে ডিবি পুলিশের এসআই মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দুর্গাপুর বাগানপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্দেহভাজন আসামী মোছাঃ সাবিনা বেগমের দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: