প্রকাশিত:
২৪ মার্চ ২০২৬, ১৬:৪৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে শালিস বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯ টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে শালিস বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
এ বিষয়ে রাণিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী বলেন, একটি সালিশি বেঠক চলছিল। এই সময় ইউপি সদস্য চান্দুর লোকজন ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একজন আহত হয় এবং আমি সুস্থ আছি। পরে আমি উক্ত এলাকা থেকে চলে আসি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: